সাম্প্রতিক সময়ে বাংলা সাহিত্যে যে সকল কথাসাহিত্যিক দারুন জনপ্রিয়তা অর্জন করেছেন তাদের মধ্যে মোশতাক আহমেদ অনত্যম। মোশতাক আহমেদ ১৯৭৫ সালের ৩০ ডিসেম্বর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সড়ইবাড়ী গ্রামে জন্মগ্রহন করেন।
শিক্ষাজীবন
মোশতাক আহমেদের প্রাথমিক পড়াশুনার শুরু নিজ গ্রামের প্রাথমিক সরকারী বিদ্যালয়ে। তিনি ১৯৯০ সালে খুলনা জিলা স্কুল হতে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৯২ সালের তিনি খুলনা বিএল কলেজ থেকে যশোহর বোর্ডে সম্মিলিত মেধাতালিকায় ১৩ তম স্থানসহ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিপার্টমেন্ট হতে প্রথম শ্রেণীসহ অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ্ বিজনেস এডমিনেস্ট্রেশন (আইবিএ) হতে তিনি ৩২ তম ব্যাচে এমবি এ ডিগ্রী অর্জন করেন। ২০০৫-০৬ সালে ব্রিটিশ সিভনিং (Chevening) স্কলার হিসেবে তিনি ইংল্যান্ডের লেস্টার ইউনিভার্সিটি হতে কৃতিত্বের সাথে ক্রিমিনোলোজিতে মাস্টার্স ডিগ্রী লাভ করেন।
সাহিত্যজীবন
মোশতাক আহমেদের লেখালেখির শুরু ছাত্র জীবনে। ’জকি’ তার প্রথম প্রকাশিত উপন্যাস। উপন্যাসটি প্রকাশিত হয় ২০০৪ সালে। জীবনধর্মী এই উপন্যাসটি প্রকাশের পর তিনি ঝুকে পড়েন সায়েন্স ফিকশনের দিকে। রোবটিজম, ক্লিটি ভাইরাস, নিহির ভালোবাসা, লাল শৈবাল, ক্রিকি, পাইথিনের মতো দুর্দান্ত সায়েন্স ফিকশনগুলো তাকে সায়েন্স ফিকশনের জগতে শক্ত ভীত তৈরি করে দেয়। ’রিবিট’ নামের সায়েন্স ফিকশন সিরিজ কিশোরদের কাছে হয়ে উঠে দারুন জনপ্রিয়। রিবিটের জনপ্রিয়তার কারণে তিনি ’ছোটদের রিবিট’ নামে নতুন একটি সিরিজ লিখেন। একইভাবে পৃথিবীতে আগত ভিন গ্রহের বালক ’লো’ এর অভিযান নিয়ে রচিত ’লো’ সিরিজটি এখন রয়েছে জনপ্রিয়তার শীর্ষে। পাশাপাশি ভৌতিক উপন্যাসের ক্ষেত্রেও তিনি পাঠকের কাছে সমানভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন। বের হচ্ছে একটির পর একটি উপন্যাস। জনপ্রিয়তার বাড়তি মাত্রা যোগ করেছে কিশোর গোয়েন্দা ’শিশিলিন’ সিরিজ। বাংলাদেশ ভিত্তিক কিশোর দুই ভাইয়ের গোয়েন্দা ও অ্যাডভেঞ্চারের সব লোমহর্ষক কাহিনী জনপ্রিয়তার শীর্ষে পৌছে দিয়েছে তাকে। প্যারাসাইকোলজি উপন্যাসের ক্ষেত্রে তিনি বাংলা সাহিত্যে অদ্বিতীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। মায়াবী জোছনার বসন্তে, মন ভাঙ্গা পরী, নীল জোছনার জীবন, জোছনা রাতের জোনাকী, ছায়াস্বর্গ, স্বপ্নস্বর্গ প্যারাসাইকোলজি এই উপন্যাসগুলো বাংলা সাহিত্যে জন্ম দিয়েছে নতুন এক ধারার যা মোশতাক আহমেদের বহুমাত্রিক সাহিত্য বিচরণে যোগ করেছে বলিষ্ঠ মাত্রা। তার গবেষণাধর্মী মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ’নক্ষত্রের রাজারবাগ’ লেখালেখির জগতে এক অসাধারণ উপস্থাপনা হিসেবে স্বীকৃত। তার প্রকাশিত লাল শৈবাল (The Red Algae) সায়েন্স ফিকশন উপন্যাসটি The Red Algae নামে ইংরেজি ভাষায় অনুদিত হয়েছে। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১১৫। উল্লেখ্য তার প্রথম লিখিত উপন্যাস ’মাকই মাছ’ এর পাণ্ডুলিপি হারিয়ে যাওয়ায় সেটি এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। সাহিত্যের বিভিন্ন শাখায় তার বলিষ্ঠ ও সুনিপুন পদচারণার কারণে তিনি বহুমাত্রিক লেখক হিসেবেই বেশি পরিচিত।
গ্রন্থসমূহ
মুক্তিযুদ্ধের উপন্যাস – নক্ষত্রের রাজারবাগ, মুক্তিযোদ্ধা রতন, গেরিলা বাবুল।
অন্যান্য – নিরাপত্তা হ্যান্ডবুক, এক ঝলক কিংবদন্তী হুমাযূন আহমেদ।
ইংরেজি ভাষায় অনুবাদ – The Red Algae (লাল শৈবাল সায়েন্স ফিকশনের অনুবাদ)
সংকলন – সেরা পাঁচ উপন্যাস, সেরা পাঁচ সায়েন্স ফিকশন, সেরা পাঁচ ভৌতিক উপন্যাস, সেরা পাঁচ কিশোর উপন্যাস, পাঁচ অধ্যায়, নির্বাচিত সায়েন্স ফিকশন, আত্মাসমগ্র
সাহিত্য পুরস্কার
জাতীয় পর্যায়ে সাহিত্যকর্মে অবদানের জন্য তিনি ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন। শিশু সাহিত্যে অবদানের কারণে ২০১৮ সালে ভূষিত হন শিশু একাডেমি পুরুস্কারে । এছাড়া তিনি কালি ও কলম সাহিত্য পুরস্কার ২০১২, ছোটদের সেরা বই পুরস্কার ২০১৪, কৃষ্ণকলি সাহিত্য সম্মাননা ২০১৪, চ্যানেল আই সিটি আনন্দ আলো পুরস্কার ২০১৫ লাভ করেছেন।
নাটক
মোশতাক আহমেদ ২০১৭ সালে স্বরচিত মায়াবী জোছনার জীবন নামে প্রথম নাটক পরিচালনা করেন।
দেশ ভ্রমণ
মোশতাক আহমেদ মালয়েশিয়া, থাইল্যান্ড, ইংল্যান্ড, হল্যান্ড, ডেনমার্ক, জার্মানী, অষ্ট্রিয়া, ইটালী, সুইজারল্যান্ড, ফ্রান্স, ভারত, সংযুক্ত আরব আমীরাত, লাইবেরিয়া, সিয়েরালিওন, মরক্কো, ঘানা, আইভরিকোস্ট, সুদান, মিশর, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, অষ্ট্রেলিয়াসহ আরও অনেক দেশ ভ্রমণ করেছেন।